যুক্তরাষ্ট্র ইরান আলোচনা: সমঝোতার সম্ভাবনা, আঞ্চলিক উদ্বেগ ও কৌশলগত বাস্তবতা

পোস্টটি শেয়ার করুন:

মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নতুন করে আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে। এই সংলাপের সম্ভাব্য ফলাফল শুধু দুই দেশের সম্পর্কই নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলসহ সারা বিশ্বেরই নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই আলোচনা কি একটি টেকসই সমাধানের দিকে এগোচ্ছে, নাকি এটি আবারও আংশিক সমঝোতায় সীমাবদ্ধ থাকবে?

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তাদের লক্ষ্য হলো সম্ভাব্য পারমাণবিক ঝুঁকি কমানো এবং বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করা। অন্যদিকে, ইরান এই আলোচনাকে শুধুমাত্র পারমাণবিক ইস্যুর মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। তাদের কাছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, আন্তর্জাতিক স্বীকৃতি এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ।

এই ভিন্ন দৃষ্টিভঙ্গিই আলোচনাকে জটিল করে তুলেছে। উভয় পক্ষই নিজেদের স্বার্থকে প্রাধান্য দিতে চাচ্ছে, যা একটি সমঝোতায় পৌঁছানোর পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

হরমুজ প্রণালী

ইরানের কৌশলগত অবস্থান

বর্তমান আলোচনায় ইরান যে অবস্থান নিয়েছে, তা অনেকাংশেই ধারাবাহিক এবং সুসংগঠিত। তারা বারবার জোর দিচ্ছে পারস্পরিক সম্মান এবং সমতার ভিত্তিতে চুক্তির ওপর। কোনো একতরফা শর্ত মেনে নেওয়ার ব্যাপারে তাদের অনীহা স্পষ্ট। পূর্বেও তারা যখন পাকিস্তানে আলোচনায় বসে তাদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছিল তাদের আপত্তির বিষয়গুলো। এই অবস্থানকে একদিকে কৌশলগত দৃঢ়তা হিসেবে দেখা যায়, আবার অন্যদিকে এটি আলোচনার গতি ধীর করার কারণও হতে পারে। তবুও বলা যায়, আন্তর্জাতিক কূটনীতিতে নিজের স্বার্থ রক্ষায় এই ধরনের দৃঢ়তা অনেক সময় একটি কার্যকর পন্থা হিসেবে কাজ করে।

উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ

উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই আলোচনার প্রতি সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের প্রধান উদ্বেগ হলো, সম্ভাব্য চুক্তি তাদের নিরাপত্তা চাহিদাকে যথেষ্ট গুরুত্ব নাও দিতে পারে। ইরানের আঞ্চলিক প্রভাব, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক নিয়ে তাদের আশঙ্কা রয়েছে। এই যুদ্ধে ইরানের উপসাগরীয় দেশগুলোর আমেরিকান ঘাটিগুলো লক্ষ্য করে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলোর কারণে ক্ষতি হয়েছে অনেক, যদিও সেই দেশগুলোর এই যুদ্ধের সাথে প্রত্যক্ষ কোনো সংযোগ ছিল না। ফলে তারা চায়, আলোচনায় তাদের নিরাপত্তার বিষয়টিও অন্তর্ভুক্ত হোক। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে নিরাপত্তার হুমকি এসব দেশেরও কোনো অংশে কম নয়, বরং অনেক ক্ষেত্রে বেশি। এছাড়াও যেহেতু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের বিষয় এই চুক্তির সাথে জড়িত, সেখানেও তাদের জ্বালানী রপ্তানীর স্বার্থ জড়িত যদিও নিরাপত্তার বিষয়টিই তাদের জন্য এখন মূল উদ্বেগের কারণ। তবে বাস্তবে দেখা যায়, আন্তর্জাতিক আলোচনা প্রায়ই নির্দিষ্ট কিছু ইস্যুতে সীমাবদ্ধ থাকে, যার ফলে আঞ্চলিক উদ্বেগগুলো পুরোপুরি প্রতিফলিত হয় না। এবারও তাদের বিষয়গুলো আলোচনায় উপেক্ষিত থাকার সম্ভাবনা বেশি বলেই আন্তর্জাতিক বিশ্লেষকগণ মনে করছেন।

প্রণালীর কৌশলগত অবস্থান

ভূ রাজনৈতিক বাস্তবতা ও সমঝোতার চ্যালেঞ্জ

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যে কৌশলগত ধৈর্য প্রদর্শন করছে, তা আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ দিক। এর পিছনে ইরানের রাজনৈতিক দৃঢ়তার পাশাপাশি ভূ-রাজনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট (বিশ্বের মোট বাণিজ্যিক তেল এর ২০ শতাংশই এই অপ্রশস্ত প্রণালী দিয়ে যায়) এবং এর ওপর ইরানের প্রভাব আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য একটি বাস্তবতা। ফলে কোনো চুক্তি করতে গেলে এই বাস্তবতাকে উপেক্ষা করা সম্ভব নয়। এই প্রেক্ষাপটে ইরান আলোচনায় একটি তুলনামূলক শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে সেই শক্তি কেবল সামরিক বা ভৌগোলিক নয়; এটি কূটনৈতিক হিসাব-নিকাশের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। এছাড়াও কিছু বাহ্যিক বিষয় এই সমঝোতাকে প্রভাবিত করছে। International Energy Agency এর ২০২৪ সালের রিপোর্টে বৈশ্বিক জ্বালানি বাজারে ইরানের সম্ভাব্য প্রত্যাবর্তন তেলের সরবরাহ ও দামে যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে তা দেখানো হয়েছে, যা কিনা একটি সফল চুক্তির মাধ্যমেই সম্ভব। এছাড়াও একটি সফল চুক্তি আঞ্চলিক শক্তির ভারসাম্যেও পরিবর্তন আনতে পারে, যেহেতু ইরান চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করে তার কূটনৈতিক অবস্থান শক্তিশালী করেছে। Center for Strategic and International Studies এর ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যকার বৈশ্বিক প্রতিযোগিতা ইরান-ইসরায়েল দ্বন্দ্বকে বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে গেছে। আঞ্চলিক প্রক্সি ওয়ার, বিশেষ করে ইয়েমেন ও সিরিয়ার বর্তমান পরিস্থিতিও চুক্তির সময় বিবেচ্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইরানের প্রতিরক্ষা নীতি ও সামরিক সক্ষমতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং জনমতের বিষয়টিও আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আন্তর্জাতিক পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো ও সংস্থাগুলোর ভূমিকাও আলোচনাকে আইনি ও প্রযুক্তিগতভাবে জটিল করে তুলবে। এই চুক্তির পিছনের শক্তিশালি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব রাখবে ইসরায়েল। ইসরায়েল কোনোভাবেই চাইবে না যুক্তরাষ্ট্র সহজ শর্তে চুক্তি করুক, অন্তত ইরানের পারমাণবিক স্থাপনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েলের আপত্তি আরও বেশি। সুতরাং ইসরায়েলের এই আপত্তির বিষয়টি চুক্তিকে সফল হতে বাধা দিবে। সর্বোপরি, পূর্ববর্তী চুক্তির অভিজ্ঞতার কারণে পারস্পরিক আস্থার ঘাটতি একটি বড় বাধা হিসেবে রয়ে গেছে।

স্থবির হরমুজ প্রণালী

উত্তরণের পথ

একটি কার্যকর ও টেকসই চুক্তি শুধুমাত্র ওই অঞ্চলের জন্যই নয় বরং সারা বিশ্বের স্থিতিশীলতার জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। একটা বড় ফ্যাক্টর হরমুজ প্রণালী যার কারণে ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানীর মূল্যবৃদ্ধি অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এই যুদ্ধের বাটারফ্লাই ইফেক্ট অন্যান্য দেশগুলোকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। যত দ্রুত এর সমাধান হবে তত বিশ্ববাসীর জন্য মঙ্গল। একটি সফল চুক্তি করতে হলে একাধিক বিষয় বিবেচনায় নিতে হবে। যুক্তরাষ্ট্র চাইছে দ্রুত একটি সমাধান, যা পারমাণবিক ঝুঁকি কমাবে এবং জ্বালানি বাজার স্থিতিশীল রাখবে। অন্যদিকে, ইরান দীর্ঘমেয়াদি স্বার্থ নিশ্চিত করতে চায়। এই দুই অবস্থানের মধ্যে ভারসাম্য তৈরি করা সহজ নয়। তার ওপর উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগসহ আরও অনেক স্বার্থ এই চুক্তির সাথে জড়িত হওয়ায় আলোচনাটি আরও জটিল হয়ে উঠেছে। ফলে একটি চুক্তি হলেও তা কতটা কার্যকর হবে, সে প্রশ্ন থেকেই যায়।

বর্তমান পরিস্থিতি একটি বিষয় স্পষ্ট করে—দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য আঞ্চলিক সমন্বয় অত্যন্ত জরুরি। কেবল বাইরের শক্তির ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। বরং আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এছাড়াও এই সংকট কাটাতে পাকিস্তানের উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। শুরু থেকেই পাকিস্তান তার দুই মিত্র দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতার জন্য কূটনৈতিক পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। পাশাপাশি দুই দেশের অন্যান্য মিত্র দেশগুলো যদি এ ব্যাপারে তৎপর হয় তবে বৈশ্বিক এ সংকট দ্রুত কেটে যাওয়ার সম্ভাবনা বাড়বে।

ইতোমধ্যে কিছু ক্ষেত্রে ইরান ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা দেখা যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দিক নির্দেশ করে। তবে চুক্তির নিয়তি কী হবে সময়ই তা বলে দিবে।


পোস্টটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *